বলিউডে অভিষেকেই ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসা অভিনেত্রী অনীত পাড্ডা এবার নতুন চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছেন। যশ রাজ ফিল্মসের পরবর্তী প্রজেক্ট ‘বেপরওয়া’ ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আহান পান্ডে ও শর্বরী। ছবিটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর এবং প্রযোজনায় রয়েছেন আদিত্য চোপড়া।
যশ রাজ ফিল্মস জানিয়েছে, রোমান্টিক অ্যাকশন-ড্রামা ঘরানার ‘বেপরওয়া’ আগামী বছরের ২৬ মার্চ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। গুড ফ্রাইডে উপলক্ষে ছুটির সময়ে মুক্তি পাওয়ায় সিনেমাটি দর্শকদের বাড়তি মনোযোগ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে আহান পান্ডে ও অনীত পাড্ডার বড় পর্দায় অভিষেক হয়। ২০২৫ সালে মুক্তি পাওয়া ছবিটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য অর্জন করে। বিশ্বব্যাপী ৬ কোটি ৫০ লাখ ডলারের বেশি আয় করা সিনেমাটি ভারতীয় রোমান্টিক চলচ্চিত্রের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হয়। সেই সাফল্যের পর আহান পান্ডের পরবর্তী সিনেমা নিয়ে দর্শকদের প্রত্যাশাও বেড়েছে।
‘বেপরওয়া’ পরিচালনা করছেন আলী আব্বাস জাফর, যিনি এর আগে বলিউডে বেশ কয়েকটি সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন। যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মেরে ব্রাদার কি দুলহান’, ‘গুন্ডে’, ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’। সালমান খান অভিনীত ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ বক্স অফিসে সাফল্য পাওয়ায় অ্যাকশনধর্মী চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাঁর পরিচিতি আরও বিস্তৃত হয়।
যশ রাজ ফিল্মসের বাইরেও বিভিন্ন ধরনের চলচ্চিত্র ও ওয়েব সিরিজে কাজ করেছেন জাফর। তাঁর পরিচালিত কাজের মধ্যে রয়েছে সালমান খান অভিনীত ‘ভারত’, রাজনৈতিক ড্রামা সিরিজ ‘তাণ্ডব’ এবং অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’।
অন্যদিকে, শর্বরীও বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২১ সালে ‘বান্টি অউর বাবলি ২’ দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন তিনি। পরে ২০২৪ সালের হরর-কমেডি ‘মুঞ্জ্যা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। এ ছাড়া যশ রাজ ফিল্মসের ‘আলফা’ সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
‘বেপরওয়া’ সিনেমায় আহান পান্ডে ও শর্বরীর পাশাপাশি অভিনয় করছেন ববি দেওল। ছবিটিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ঐশ্বর্য ঠাকরেকে, যিনি শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের নাতি। এর আগে সিনেমাটি আলী আব্বাস জাফরের নামহীন প্রজেক্ট হিসেবে পরিচিত ছিল। যুক্তরাজ্যে ছবিটির বড় অংশের শুটিং সম্পন্ন হওয়ার পর মুক্তির সময় নির্ধারণ করা হয়। সিনেমাটির মাধ্যমে দ্বিতীয় চলচ্চিত্রে অভিনয়ের চ্যালেঞ্জের মুখে পড়ছেন আহান পান্ডে। প্রথম সিনেমার সাফল্যের পর নতুন এই প্রজেক্টে তাঁর অভিনয় ও দর্শকপ্রিয়তা কেমন হয়, তা নিয়ে আগ্রহ রয়েছে চলচ্চিত্রসংশ্লিষ্টদের।
ভারতের অন্যতম প্রভাবশালী প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস দীর্ঘদিন ধরে বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটির জনপ্রিয় স্পাই ইউনিভার্সের মধ্যে রয়েছে ‘ওয়ার’ ও ‘পাঠান’-এর মতো সিনেমা। নতুন চলচ্চিত্র ‘বেপরওয়া’ দিয়েও দর্শকদের কাছে ভিন্নধর্মী গল্প ও বিনোদন উপস্থাপনের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।