জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হচ্ছে হলিউডের প্রশংসিত সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা ‘নাইটক্রলার’। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অভিনয় করেছেন জেক গিলেনহাল। আগামী ১ নভেম্বর পর্যন্ত সিনেমাটি নেটফ্লিক্সে দেখা যাবে।

ড্যান গিলরয় পরিচালিত ‘নাইটক্রলার’ মুক্তির পর দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা অর্জন করে।

অপরাধের সংবাদ সংগ্রহ এবং টেলিভিশন সাংবাদিকতার অন্ধকার দিক নিয়ে নির্মিত সিনেমাটিতে জেক গিলেনহাল অভিনয় করেছেন লুই ব্লুম চরিত্রে। চরিত্রটির উচ্চাকাঙ্ক্ষা ও নৈতিকতার সীমা নিয়ে সিনেমাটির গল্প এগিয়ে যায়। সিনেমাটিতে জেক গিলেনহালের পাশাপাশি অভিনয় করেছেন রিজ আহমেদ, রেনে রুসো ও বিল প্যাক্সটন। সমালোচকদের কাছেও ছবিটি প্রশংসিত হয়েছে। রটেন টমেটোজে সিনেমাটির স্কোর ৯৫ শতাংশ, যা এর ইতিবাচক সমালোচনামূলক গ্রহণযোগ্যতার পরিচয় দেয়।

নেটফ্লিক্স থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার প্রধান কারণ স্ট্রিমিং স্বত্বের মেয়াদ শেষ হওয়া। ফলে নভেম্বরের শুরু থেকে প্ল্যাটফর্মটিতে আর সিনেমাটি দেখা যাবে না। ‘নাইটক্রলার’ মুক্তির পর জেক গিলেনহালের অভিনয় বিশেষভাবে আলোচিত হয়। তবে ছবিটিতে অভিনয়ের জন্য তিনি অস্কারে মনোনয়ন পাননি। সময়ের সঙ্গে সিনেমাটি দর্শকদের কাছে কাল্ট ক্লাসিক হিসেবে পরিচিতি পেয়েছে।

এদিকে জেক গিলেনহালের ভক্তদের জন্য রয়েছে নতুন সিনেমার খবর। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে মুক্তির পরিকল্পনা রয়েছে এম. নাইট শ্যামালান পরিচালিত অতিপ্রাকৃত রোমান্টিক চলচ্চিত্র ‘রিমেইন’-এর। এতে ফোবি ডাইনভোরের সঙ্গে অভিনয় করবেন গিলেনহাল।