যশোরের অভয়নগরে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, যানবাহনের চালক ও যাত্রীসহ সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছঅভয়নগর উপজেলা শাখার বসুন্ধরা শুভসংঘ।
রবিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সংগঠনের সদস্যরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। বিতরণ করা লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার কামড় থেকে সুরক্ষিত থাকার বিষয়ে সচেতনতামূলক তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং গুরুতর উপসর্গ দেখা দিলে হাসপাতালে যাওয়ার আহ্বান জানানো হয়।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আশিকুজ্জামান আশিক, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক হাসান মাসুদ উৎস এবং সদস্য নাঈম উদ্দীন, মাহাদী মাসুদ, আলভীর হোসেন ও রনিসহ অন্যান্য সদস্য।
কর্মসূচিতে অংশ নিয়ে পথচারীরা বলেন, বসুন্ধরা শুভসংঘ সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে সংগঠনটির সদস্যরা অভয়নগরের প্রত্যন্ত গ্রামেও জনকল্যাণমূলক কাজ করেছেন। এবার ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারা। এ ধরনের উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের প্রতি শুভকামনা জানান তারা।
বসুন্ধরা শুভসংঘ অভয়নগর উপজেলা শাখার সভাপতি সৈয়দ সোহায়েব ইমতিয়াজ ইয়াদ বলেন, যশোর জেলার মধ্যে অভয়নগর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এ পরিস্থিতিতে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণের পাশাপাশি মশার বংশবিস্তারের উপযোগী স্থান চিহ্নিত করে তা ধ্বংস করার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি।
তিনি আরও বলেন, এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে মশারি ব্যবহার, শরীর ঢেকে রাখে এমন পোশাক পরা এবং অনুমোদিত মশা প্রতিরোধক ব্যবহার করা যেতে পারে। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত উদ্যোগও প্রয়োজন। এ লক্ষ্যেই পথচারী, ভ্যান ও রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। জনকল্যাণে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।