দীঘিনালায় ধর্মীয় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২৬। সোমবার (২৬ অক্টোবর) দক্ষিণ উদাল বাগান বৌদ্ধ বিহার প্রাঙ্গণে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব সম্পন্ন হয়।
স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন, এসইউপি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর তৌকির এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার জয়নুল।
অনুষ্ঠানের শুরুতে বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ভিক্ষু সংঘের উদ্দেশ্যে পবিত্র চীবর দান করা হয়। ধর্মচারিয়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনাবংশ থের-এর সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে খাগড়াছড়ির বিভিন্ন প্রান্ত থেকে শত শত পুণ্যার্থী ও ভক্তবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বলেন, কঠিন চীবর দান বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব। এই ধরনের উৎসব পালনের মাধ্যমে সমাজে শান্তি, পারস্পরিক সম্প্রীতি, সহানুভূতি এবং মানবিক মূল্যবোধ সুদৃঢ় হয়। এ অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
দিনব্যাপী চলা এই উৎসবে ধর্মীয় দেশনা পাঠ, বুদ্ধের বাণী আলোচনা এবং সমবেত প্রার্থনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।