মানিকগঞ্জের সিংগাইরে স্বর্ণ কেনার কথা বলে জুয়েলার্সের দোকানে ঢুকে প্রায় ৩৯ দশমিক ৪ ভরি রুপা চুরির চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চারিগ্রাম স্বর্ণের মার্কেটের ‘বাংলাদেশ জুয়েলার্স’ নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জাবেদ (২৩), সাগরিকা বেগম (২৬) ও শফিকা বেগম (২২)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলায়। জাবেদের বাড়ি কক্সবাজার সদর উপজেলার হাজীপাড়া এলাকায়। অপর দুজনের বাড়ি চকরিয়া উপজেলার ডেমুসিয়া এলাকায়। তারা বর্তমানে সাভারের হেমায়েতপুরে বসবাস করেন। সাগরিকা ও শফিকা পোশাক কারখানায় কাজ করেন এবং জাবেদ ভ্রাম্যমাণ হকার হিসেবে কাজ করেন বলে জানা গেছে।
পুলিশ ও দোকানমালিক সূত্রে জানা যায়, ঘটনার দিন জাবেদ স্বর্ণ কেনার কথা বলে দোকানে প্রবেশ করেন। এ সময় কৌশলে দোকান থেকে ৩৯ দশমিক ৪ ভরি রুপা নিয়ে বের হওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি দোকানমালিক মো. বাবুলের সন্দেহ হলে তিনি তিনজনকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সিংগাইর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া রুপার পরিমাণ যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।