মানিকগঞ্জের হরিরামপুরে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-যমুনা নদীতে মাছ শিকারের অভিযোগে চার জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার পদ্মা-যমুনা নদীসংলগ্ন বলবন্ত জলমহালে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মজলিসপুর গ্রামের ইউসুফ মিস্ত্রির ছেলে মো. আলী মিস্ত্রি (২৬) ও ফজলুল হকের ছেলে মো. আমির হোসেন (২২)। অপর দুজন হলেন হরিরামপুর উপজেলার চালা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে গফফার হোসেন (৪০) ও লুৎফর হোসেন (৩৫)।
অভিযানকালে ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ টাকা। এ সময় তিন কেজি ইলিশ মাছও উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেনের যৌথ পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত আটক চার জেলেকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নূরুল ইকরামসহ মৎস্য বিভাগের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উদ্ধার করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার মুঠোফোনে বলেন, “পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।”
তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬-এর নির্ধারিত সময় ৮ থেকে ২৯ অক্টোবর। ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে এ সময়ে নদীতে ইলিশ শিকারসহ নিষিদ্ধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রশাসন।