বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর কাউনিয়া প্রধান সড়কের আকন ভিলা এলাকার পাকা রাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহের দিকনির্দেশনায় এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় ওই দুই ব্যক্তি মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় চিৎকার-চেঁচামেচি করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরিশাল নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নাজিরা মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে মো. শাকিল হোসেন (২৯) এবং একই ওয়ার্ডের নতুন বাজার এলাকার আবুল খালেক হাওলাদারের ছেলে মো. ইমরান হাওলাদার (৩১)।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা করা হয়েছে। পাশাপাশি বরিশাল সদর হাসপাতালে তাদের ডোপ টেস্ট করানো হয়েছে বলে জানা গেছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।