নিরাপদ সড়ক দিবস উপলক্ষে চালক, পথচারী ও ব্যবসায়ীদের সচেতন করতে বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আয়োজনে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার আয়োজনে কিচক বন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন, উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বিএনপি নেতা রাব্বিন হোসেন, এসআই হোসেন আলী, নিসচা শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি শাহজাহান আলী, কনক দেব, সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী প্রমুখ।
নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রচারাভিযানের মাধ্যমে চালক, পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হচ্ছে।
সমাবেশ শেষে পথচারী ও স্থানীয়দের মাঝে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।