ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা যুবদলের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
আলোচনা সভায় নিপুণ রায় চৌধুরী বলেন, যুবদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ সংগঠন। প্রতিষ্ঠার পর থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সংগঠনটি ভূমিকা রেখে আসছে। আগামী দিনে দেশের শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে। তাদের মেধা, সততা ও দেশপ্রেমের চর্চায় সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেও বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া গণতান্ত্রিক আন্দোলনে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করা হয়।
দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া শেষে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক বিতরণ করা হয়।