নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন আষাঢ়িয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল এলাকার আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই উপজেলার কুঠি ইউনিয়নের কুঠি জাজিয়ারা এলাকার মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছুটিভাগবাউল এলাকার মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) আনোয়ার হোসেন।
এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো তিনটি পলিথিন ব্যাগে রাখা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে একটি ব্যাগে চার কেজি, দ্বিতীয়টিতে তিন কেজি এবং তৃতীয়টিতে দুই কেজি—সব মিলিয়ে মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।