ঝিনাইদহে জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ কর্মসূচি সফল করতে ঝিনাইদহে চলছে সর্বাত্মক প্রস্তুতি। লংমার্চের অন্যতম প্রধান দাবি জুলাই গণহত্যার বিচার।
কর্মসূচির প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে ঝিনাইদহে আসেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, ছগির আহম্মেদসহ স্থানীয় নেতারা।
পরিদর্শন শেষে নেতারা জানান, আগামী ৩১ অক্টোবরের লংমার্চকে ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।