গবেষণাগারে সৃষ্ট জ্ঞান ও উদ্ভাবনকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে বাস্তবক্ষেত্রে প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে দুটি পৃথক সেশনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এর মধ্যে শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য ‘Connecting Research with Markets: Unlocking the Potential of GAU Innovations through Industry-Academia Partnerships’ এবং শিক্ষার্থীদের জন্য ‘Beyond the Degree: Navigating Diverse Career Pathways for GAU Graduates’ শীর্ষক সেশন আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. আব্দুল্লাহ-আল-মামুন।

সেমিনারে গবেষণালব্ধ জ্ঞান ও প্রযুক্তিকে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার মাধ্যমে উদ্ভাবনের বাণিজ্যিক ও বাস্তব প্রয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের প্রচলিত চাকরির ক্ষেত্রের বাইরে বিকল্প ও বহুমুখী কর্মজীবনের সুযোগ সম্পর্কে ধারণা দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশ ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।