উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়নে বিএসির সহযোগিতা বাউবির কার্যক্রমকে আরও গতিশীল করবে: বাউবি উপাচার্য
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ(০১ নভেম্বর) রবিবার সকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন।
এ সময় বাউবির প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য (প্রশাসন, অর্থ ও পরিকল্পনা) জনাব মোঃ এমদাদুল হক, পূর্ণকালীন সদস্য (বহিঃসম্পর্ক ও আইসিটি) অধ্যাপক ড. আহমেদ আব্দুল্লাহ জামাল, পূর্ণকালীন সদস্য (অ্যাক্রেডিটেশন ও কিউএ অ্যান্ড এনকিউএফ) অধ্যাপক ড. মোঃ শাহ এমরান এবং পূর্ণকালীন সদস্য (কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা) অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিএসি’র চেয়ারম্যান ও পূর্ণকালীন সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উভয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উভয় প্রতিষ্ঠানই উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, “উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে অ্যাক্রেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক মান অনুসরণ এবং প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনে নিরলসভাবে কাজ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা উভয় প্রতিষ্ঠান পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।”
এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।