মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামসংলগ্ন নদীপথে দীর্ঘদিন ধরে চলা চাঁদাবাজি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে গজারিয়া নৌ ও মেঘনা থানা পুলিশ।
আজ রবিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরজিত কুমার ঘোষের দিক নির্দেশনায় নৌ পুলিশের উপপরিদর্শক সেলিম এর নেতৃত্বে নৌযান যোগে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার উত্তর সীমান্তবর্তী বৈদ্যারবাজার নৌ পুলিশ ফাঁড়ি, গজারিয়া ও মেঘনা এলাকায় চলাচলকারী বিভিন্ন পণ্যবাহী ও মালামালবাহী নৌযানে দীর্ঘদিন ধরে প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্র।
ভুক্তভোগী নৌযানচালক ও শ্রমিকদের অভিযোগ, এই পথ দিয়ে যাতায়াতকারী কোনো নৌযান থেকে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের শারীরিক নির্যাতন ও হামলার শিকার হতে হয়। নৌপথের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপের অভাবে একসময়ে এই রুটটি চাঁদাবাজদের নিরাপদ অভয়ারণ্যে পরিণত হয়েছিল বলে দাবি করেন তারা। স্থানীয় একটি মহলের রাজনৈতিক আশ্রয়ে এই অপকর্ম পরিচালিত হয়ে আসছিল বলেও অভিযোগ রয়েছে।
নদীপথের চাঁদাবাজির বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান প্রসঙ্গে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরজিত কুমার ঘোষ
বলেন, “নৌপথকে সম্পূর্ণ অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না।”
পুলিশের এই পদক্ষেপে নদীপথের সাধারণ ব্যবসায়ী, মাঝি ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তারা এই অভিযান নিয়মিত রাখার দাবি জানিয়েছেন।