‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, বায়োগ্যাস ঋণের চেক বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লাইলী বেগম, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব উদ্যোক্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ১৩ জন উদ্যোক্তার প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ১৩ লাখ টাকার বায়োগ্যাস ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে বেংহারি কাজিপাড়া উব জাগরণ ফাউন্ডেশনকে নিবন্ধন সনদ প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের পাশাপাশি সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। যুবসমাজ নিজেদের মেধা, শ্রম ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে পারলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি দেশের অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবসের আয়োজনের সমাপ্তি ঘটে।