মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরকে কেন্দ্র করে করতোয়া নদীর তীর সংরক্ষণে ব্লক স্থাপন ও পূর্ণাঙ্গ খনন কার্যক্রম বাস্তবায়নের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
রবিবার (১ নভেম্বর) বগুড়া সদর উপজেলার ১০ নম্বর লাহিড়ীপাড়া ইউনিয়নের জাহানাবাদ গ্রামে করতোয়া নদী পরিদর্শন করেন তাঁরা।
পরিদর্শনকালে করতোয়া নদীর ভাঙন রোধে নদীর তীরে ব্লক স্থাপন এবং নদীর পূর্ণাঙ্গ খনন কার্যক্রম বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নদীর বর্তমান অবস্থা, নাব্যতা ফিরিয়ে আনা এবং নদী তীরবর্তী এলাকার সার্বিক পানি ব্যবস্থাপনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে করতোয়া নদীর তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধ, নদীর নাব্যতা বৃদ্ধি, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি ও জনজীবনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।