চীনের জনসংখ্যা এবং সামাজিক নীতি বিষয়ক উদ্বেগের প্রেক্ষাপটে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে সিচুয়ান সাউথওয়েস্ট ভোকেশনাল কলেজ অব অ্যাভিয়েশন। কলেজের অফিসিয়াল উইচ্যাট একাউন্টে শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে, যেখানে জানানো হয়েছে, ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত চলবে বসন্ত ছুটি, যার থিম হবে ‘ফুল দেখো, আর রোমান্স উপভোগ করো’। এই সময় শিক্ষার্থীদের এবং শিক্ষকদের বই ও নোটবুক থেকে বিরতি নিয়ে প্রকৃতি উপভোগ এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সময় দিতে উৎসাহিত করা হয়েছে।
চীনের সরকারি নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, দেশের বৃহৎ জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে অভ্যন্তরীণ আনন্দ, সামাজিক সংযোগ ও সম্পর্ক উন্নয়ন ঘটানো। এছাড়া কর্মীদের জন্যও পর্যায়ক্রমিক বেতনসহ ছুটিতে যেতে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে। আগের মতো গ্রীষ্ম ও শীতকালীন ছুটির পাশাপাশি বসন্ত ও শরৎকালীন ছুটি চালু করার সিদ্ধান্তও ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
সিচুয়ান ও জিয়াংসু প্রদেশের পাশাপাশি সুঝৌ ও নানজিং শহরে বসন্ত ছুটির পরিকল্পনা ঘোষিত হয়েছে, যা সাধারণত এপ্রিল বা মে মাসের শুরুতে অনুষ্ঠিত হবে। ১.৪ বিলিয়ন জনসংখ্যার দেশটিতে এই ধরনের ছুটির লক্ষ্য কেবল শিক্ষার্থীদের অবসর নয়, বরং মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অভ্যন্তরীণ আনন্দ বৃদ্ধি করা। সরকারের প্রত্যাশা, এই পদক্ষেপ জনসংখ্যা বৃদ্ধির উপর ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ তরুণরা অবসর ও সামাজিক সুযোগ পেলে সন্তান নেওয়ার আগ্রহ বৃদ্ধি পাবে।
২০১৯ সালের পর চীনের জনসংখ্যা ক্রমেই হ্রাস পেতে শুরু করেছে। বিশেষ করে ২০২৫ সালে দেশের জনসংখ্যা টানা চতুর্থবারের মতো কমেছে এবং জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জনসংখ্যা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এই প্রবণতা ভবিষ্যতেও চলতে পারে, যা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।
এ প্রসঙ্গে চীনের ট্রাভেল কোম্পানি ট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও জনসংখ্যা বিশেষজ্ঞ জেমস লিয়াং বলেন, “সন্তান লালন-পালনের জন্য সমাজে পর্যাপ্ত সময় ও অর্থ থাকা প্রয়োজন। তরুণদের মধ্যে বড় পরিবার গঠনের সামাজিক ও ব্যক্তিগত সুবিধা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আরও উদ্যোগ প্রয়োজন।”
এছাড়া, বেইজিং সরকার “শিশুবান্ধব নগর” গড়ে তোলার জন্য নির্দেশনা জারি করেছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, ভ্রমণ, ক্রীড়া ও বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে জনসেবার উন্নয়ন জোরদার করার কথাও বলা হয়েছে। সরকার মনে করছে, শিক্ষা ও অবসর উভয় ক্ষেত্রেই সুষ্ঠু ব্যবস্থা থাকলে জনগণ পরিবার বাড়ানোর বিষয়ে আরও সচেতন হবে।
বিশেষজ্ঞদের মতে, শিক্ষার্থীদের এমন ধরনের ছুটি দেওয়ার মাধ্যমে শুধু তাদের মানসিক চাপ হ্রাস হয় না, বরং ব্যক্তিগত সম্পর্ক ও সামাজিক যোগাযোগও দৃঢ় হয়। বসন্তকালীন প্রকৃতি ও খেলাধুলার মধ্যে সময় কাটানো শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্যও সহায়ক।
চীনের এই পদক্ষেপকে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সাধারণত চীনের শিক্ষা ব্যবস্থা ফলাফলমুখী এবং শিক্ষার্থীদের কঠোর নিয়ন্ত্রণে রাখে। কিন্তু এবার প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন।
ফলে, চলমান বসন্ত ছুটি শুধুমাত্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে বিরতি নয়, বরং সামাজিক সংযোগ, পরিবার গঠনের আগ্রহ এবং মানসিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।