ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪৫ কিলোমিটার যানজট

Date: 2026-05-27
news-banner

নিজস্ব প্রতিবেদকঃ


পবিত্র ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় এবং অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার অংশ জুড়ে এক ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকেই এই রুটে যাত্রী ও যানবাহনের সংখ্যা একযোগে বৃদ্ধি পেতে শুরু করে। এর ফলে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় পার হয়ে টাঙ্গাইলের মির্জাপুর বাইপাস পর্যন্ত বিস্তীর্ণ সড়কজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা হাজার হাজার মানুষকে চরম ভোগান্তির মধ্যে ফেলেছে।


‎মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার পর থেকেই মূলত মহাসড়কে এই তীব্র যানজটের চিত্র দৃশ্যমান হতে থাকে। গাজীপুরের ভোগড়া বাইপাস সড়ক থেকে শুরু করে চন্দ্রা বাস স্টেশন এলাকা পর্যন্ত প্রথমে এই জটলা সীমাবদ্ধ থাকলেও সময় বাড়ার সাথে সাথে তা আরও প্রকট আকার ধারণ করে। ধীরে ধীরে রাত সাড়ে ৯টা নাগাদ এই যানজটের ব্যাপ্তি চন্দ্রা ছাড়িয়ে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে।

‎জানা গেছে, সন্ধ্যার পর উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার দূরপাল্লার যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ছেড়ে যাচ্ছে। এতে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র জটলা সৃষ্টি হয়। যার ফলে সেখানকার যানজট ছাড়িয়ে গেছে জেলার ভোগড়া বাইপাস পর্যন্ত। এছাড়াও চন্দ্রার পর থেকে উত্তরের পথে বাড়ছে যানজট। এতে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও শেষ হচ্ছে না সড়ক।

‎টাঙ্গাইল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দিনের বেলা এই জেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকা থেকে শুরু করে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো ধরনের যানজটের লক্ষণ ছিল না। যাত্রীবাহী বাসসহ সমস্ত যানবাহন অত্যন্ত স্বাভাবিক ও নির্বিঘ্ন গতিতে এই পথ অতিক্রম করতে পেরেছে। তবে রাত ৯টা বাজার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায় এবং কালিয়াকৈর থেকে মির্জাপুর অংশে নতুন করে যানজট দানা বাঁধে। এর পাশাপাশি এলেঙ্গা থেকে শুরু করে যমুনা সেতুর পূর্ব টোল প্লাজা পর্যন্ত এলাকায় যানবাহনের ধীরগতি ও জটলা লক্ষ্য করা গেছে।

‎চন্দ্রা ত্রিমোড় এলাকায় ইতিহাস পরিবহন বাসের চালক বলেন, এক ঘণ্টায় এক কিলোমিটার জায়গা এসেছি। চন্দ্রা এলাকা পার হতে পারলে রক্ষা পাই। যাত্রীরা অনেকেই যানজটে বসে থেকে অসুস্থ হয়ে পড়ছে।

‎বগুড়াগামী একতা পরিবহনের যাত্রী বলেন, যানজটের কথা আর বলতে চাই না। সন্ধ্যা ৬টায় গাজীপুর থেকে ছেড়ে রাত সাড়ে ৯টায় চন্দ্রা পৌঁছলাম। বাকি পথ আরও কয় ঘণ্টা লাগে বলা মুশকিল।

‎সোহান ট্রাভেলস বাসের চালক বলেন, উত্তরা থেকে বিকেলে ছেড়ে এসে এই মাত্র চন্দ্রা পৌঁছলাম। যানজটের কারণে বিভিন্ন স্থানে গাড়ি বন্ধ করেও বসে থেকেছি। যানজট না থাকলে আমাদের খরচ ও কমে যাত্রীদের ভোগান্তিও কম হয়।

‎এ ব্যাপারে গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার রহমত উল্লাহ বলেন, শেষ মুহূর্তে মানুষ ও যানবাহনের চাপে পরিস্থিতি একটি বেসামাল হয়ে গেছে। তবে, সকাল থেকে এখনও পর্যন্ত আমাদের পুলিশ সদস্যদের তৎপরতা রয়েছে। অন্তত ২০ লাখ মানুষ গাজীপুর ছাড়ছেন। এছাড়াও কয়েকশত দূরপাল্লার বাসের পাশাপাশি অন্যান্য পরিবহন তো আছেই। যার ফলে এই সড়কের চন্দ্রা এলাকায় চাপ রয়েছে। তবে, আমাদের চেষ্টা অব্যাহত আছে।

Leave Your Comments