কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম।
বুধবার (২৭ মে) কাউনিয়া মডেল মসজিদের অডিটোরিয়াম কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ইঞ্জিনিয়ার খোরশেদ আলম বলেন, উপজেলার স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার বিদ্যমান সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং বেকারত্ব দূরীকরণে পরিকল্পনা গ্রহণের আশ্বাস দেন তিনি। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, কাউনিয়া উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা সহজীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউনিয়াকে একটি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে চান উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের প্রতিটি বাজেট ও কার্যক্রম জনগণের কাছে জবাবদিহিতামূলক করা হবে। একই সঙ্গে স্থানীয় সামাজিক, উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার কথাও জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আ. সালাম (সরকার), বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা শাখার সাবেক সভাপতি মমিন মিল্লাত, জেলা ছাত্রশিবিরের আইটি ও প্রচার সম্পাদক মোক্তারুল ইসলাম, শহীদবাগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং আগামী দিনের পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।