লক্ষ্মীপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

Date: 2026-06-02
news-banner

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠার পর যুবদলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১ জুন) রাতে জেলা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতার নাম আল-আমিন ছৈয়াল। তিনি সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়ন যুবদলের সদস্য এবং ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত শনিবার রাতে এক গৃহবধূ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আল-আমিনকে দলীয় সব ধরনের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে দলীয় নেতা-কর্মীদের তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান বলেন, “সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিকে যুবদল প্রশ্রয় দেয় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আল-আমিনকে বহিষ্কার করা হয়েছে। তাঁর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না।”

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী প্রবাসে থাকেন। অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে আল-আমিন ছৈয়াল ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আল-আমিন ছৈয়াল আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদ পারভেজ জানান, অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ বলছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments