ফেনীতে বাসের ধাক্কায় আহত পৌর প্রকৌশলীর মৃত্যু

Date: 2026-06-03
news-banner

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর দাগনভূঞা উপজেলায় বাসের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় জুনায়েদ কাওছার (৩২) নামে এক পৌর কর্মকর্তা মারা গেছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত জুনায়েদ কাওছার চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি দাগনভূঞা পৌরসভায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পৌরসভার কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পৌরসভার কাজ শেষে নিজের মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন জুনায়েদ। পথে ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞার বাংলাবাজার এলাকায় পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

দাগনভূঞা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) Md. Shahidul Islam মো. শহিদুল ইসলাম জুনায়েদ কাওছারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দাফনের জন্য চট্টগ্রামে তাঁর গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফেনীর মহীপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Md. Asadul Islam মো. আসাদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বাসটি আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave Your Comments