পানিনিষ্কাশনের পাইপ বসানো নিয়ে বিরোধ, বাউফলে পিটিয়ে হত্যা

Date: 2026-06-03
news-banner

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির পানিনিষ্কাশনের জন্য পাইপ বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে রবিন হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও দুই ছেলে আহত হয়েছেন।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিন হাওলাদার ওই এলাকার বাসিন্দা। আহতরা হলেন তাঁর স্ত্রী ঠাকু রানী হাওলাদার (৪৫) এবং দুই ছেলে রনি হাওলাদার (২২) ও হৃদয় হাওলাদার (২৪)। তাঁরা বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্বজন ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে বাড়ির উঠানে পানি জমে যাওয়ায় সাতটি পরিবারের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এ সমস্যা সমাধানে প্লাস্টিকের পাইপ বসিয়ে পানি নিষ্কাশনের উদ্যোগ নেন রবিন হাওলাদার। পাইপ কেনার খরচ সাতটি পরিবারের মধ্যে ভাগাভাগি করার কথা থাকলেও এ বিষয়ে আপত্তি জানায় প্রতিবেশী আনন্দ ব্যাপারীর পরিবার।

এ নিয়ে বুধবার সকালে রবিন হাওলাদারের সঙ্গে আনন্দ ব্যাপারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রতন ব্যাপারীর নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। তাঁকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী ও দুই ছেলেও আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) Sirajul Islam সিরাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Leave Your Comments