ভূরুঙ্গামারীর ফকির মার্কেটে আগুনে পুড়ল ৯৫টি দোকান, ক্ষতি ১৫ কোটি টাকা

Date: 2026-06-05
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সদরের প্রধান বাণিজ্যকেন্দ্র ফকির মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বাজারের দক্ষিণ পাশে আগুনের সূত্রপাত হয়। এতে প্রাথমিকভাবে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, বাজারের দক্ষিণ পাশে অবস্থিত একটি ক্ষুদ্র কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ দাহ্য সামগ্রীর কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রশাসন সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ৮০টি কাপড়ের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া পাশের জাকের পার্টির কার্যালয়সহ আরও ১৫টি ফল, জুতা, প্রসাধনী ও বইয়ের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর সামনে বসে অনেক ব্যবসায়ী কান্নায় ভেঙে পড়েছেন। চারদিকে ছড়িয়ে রয়েছে পোড়া টিন, ছাই এবং ধ্বংসস্তূপ। কেউ কেউ ধ্বংসস্তূপের মধ্যে অবশিষ্ট মালামাল খুঁজে বের করার চেষ্টা করছেন।

ভূরুঙ্গামারী ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, “এখানকার অধিকাংশ ব্যবসায়ী ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। ঈদ উপলক্ষে অনেকেই নতুন করে মালামাল তুলেছিলেন। আগুনে সব শেষ হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা প্রয়োজন।”

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, প্রাথমিক তথ্যমতে ৯৫টি দোকান পুড়ে গেছে এবং প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Leave Your Comments