আশাশুনি বিএনপির সাবেক আহ্বায়কের ওপর হামলার অভিযোগ, গ্রেফতার-২

Date: 2026-06-07
news-banner

নিজস্ব প্রতিবেদক: 

আশাশুনি থানার প্রধান ফটকের সামনে আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য স ম হেদায়েতুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত ৫ জুন রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ০৮/০৬)। স্থানীয় জনতা দু'জনকে আটক করে পুলিশে দিয়েছে। শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আশাশুনি বাজার জামে মসজিদে এশার নামাজ শেষে হেদায়েতুল ইসলাম বাড়িতে ফিরছিলেন। থানার প্রধান ফটকের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ব্যক্তিরা তার পথরোধ করে হামলা চালায়। এবং মোছা. সাইলা খাতুনের নির্দেশে এজাহারভুক্ত আসামি মো. শাওন, মো. শোভন, জহুরুল ইসলাম, মো. হারুন, পিয়াস হোসেন ও মুর্শেদসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তিনি রাস্তায় পড়ে গেলে তার ডান হাঁটুতে গুরুতর আঘাত লাগে। এছাড়া কোমরে আঘাতপ্রাপ্ত হন এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা তার শার্টের পকেটে থাকা নগদ ২৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং পরিধেয় বস্ত্র নষ্ট করে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় জনতা ও আহত নেতার সমর্থকেরা মো. শোভন ও মো. জহুরুল ইসলামকে আটক করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএনপির সাবেক আহ্বায়ক মো. হেদায়েতুল ইসলামের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave Your Comments