দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

Date: 2026-06-12
news-banner

নিজস্ব প্রতিবেদক:

ফেনীর ফুলগাজী উপজেলায় দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটিকে আঘাত করে হত্যার অভিযোগে তার বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। তার বাবা মোহাম্মদ সুলতান নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের বাসিন্দা। কাজের সূত্রে তিনি স্ত্রী রুনা আক্তারকে নিয়ে ফুলগাজীতে বসবাস করতেন।

শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং প্রায়ই পারিবারিক কলহে জড়াতেন। বৃহস্পতিবার রাতে তিনি একটি পানীয় কিনতে বাইরে গেলে বাসায় শিশুটিকে বাবার কাছে রেখে যান। ফিরে এসে ছেলেকে অচেতন অবস্থায় দেখতে পান।

রুনা আক্তার বলেন, “আমি বাসায় ফিরে দেখি আমার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। হাসপাতালে নিতে চাইলে সুলতান প্রথমে বাধা দেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও শিশু কান্না করলে সে বিরক্ত হতো।”

অন্যদিকে পুলিশের কাছে দেওয়া প্রাথমিক বক্তব্যে মোহাম্মদ সুলতান দাবি করেছেন, তিনি শিশুটিকে কোলে নিয়ে খেলছিলেন। এ সময় শিশুটি তাঁর হাত থেকে পড়ে যায় এবং পরে আর কোনো সাড়া দেয়নি।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave Your Comments