২৮ বছর পর বেসামরিক নিয়োগ, কেডিএ চেয়ারম্যান হলেন খুলনা নগর বিএনপির সভাপতি

Date: 2026-06-12
news-banner

নিজস্ব প্রতিবেদক:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ৩২তম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে প্রায় ২৮ বছর পর সশস্ত্র বাহিনীর বাইরে কোনো বেসামরিক ব্যক্তি কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন।

প্রজ্ঞাপনে বলা হয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ধারা ৭(১) অনুযায়ী এস এম শফিকুল আলমকে চেয়ারম্যান (গ্রেড-২) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

কেডিএ সূত্রে জানা গেছে, একই দিনে জারি করা পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদায়ী চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

১৯৯৮ সালের ৪ আগস্ট থেকে টানা কেডিএর চেয়ারম্যান পদে ব্রিগেডিয়ার বা ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা প্রেষণে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে সর্বশেষ ১৯৯৮ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা খন্দকার আবু মো. আবদুল্লাহ কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগ পাওয়ার পর প্রতিক্রিয়ায় এস এম শফিকুল আলম বলেন, “এটি খুলনাবাসীর ভালোবাসা, প্রত্যাশা ও দীর্ঘদিনের আস্থার প্রতিফলন। জনগণের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।”

তিনি আরও বলেন, সততা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন। নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা নিরসন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য খুলনা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করবেন।

নগর উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে নতুন চেয়ারম্যানের নেতৃত্বে কেডিএ নতুন গতি পাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Leave Your Comments