ক্রীড়া প্রতিবেদক
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর্লিং হালান্ডের জোড়া গোলে স্বপ্নভঙ্গ হয়েছে ব্রাজিলের বহুল আলোচিত ‘মিশন হেক্সা’র।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। তবে বল দখল ও সুযোগ সৃষ্টিতে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল।
ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় সেলেসাওরা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। এর পর একাধিক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল।
প্রথমার্ধের ৪০তম মিনিটে নরওয়েকে নিশ্চিত গোল থেকে বাঁচান গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। ভিনিসিয়ুস জুনিয়রের জোরালো শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন তিনি। অন্যদিকে নরওয়ের পাল্টা আক্রমণেও সতর্ক ছিলেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার। শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের গতি আরও বাড়ে। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ম্যাচের ৭০তম মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি কৌশল বদলে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির বদলে নেইমার ও দানিলোকে নামান।
নরওয়ে দলেও পরিবর্তন আনা হয়। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষভাগে এসে নিজেদের সেরা রূপ দেখান আর্লিং হালান্ড। ৭৯তম মিনিটে দুর্দান্ত হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন এই তারকা স্ট্রাইকার।
এরপর ৮৯তম মিনিটে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে নিজের দ্বিতীয় গোলটি করেন হালান্ড, যা কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
অতিরিক্ত সময়ে ব্রাজিল একটি পেনাল্টি পায়। সেখান থেকে গোল করে ব্যবধান কমান নেইমার জুনিয়র। তবে শেষ মুহূর্তে আর ম্যাচে ফিরতে পারেনি সেলেসাওরা।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নরওয়ে। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে তারা মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায়।
এই পরাজয়ের মাধ্যমে ৩৬ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ষোলোর বাধায় থামল ব্রাজিল। আরেকবার ব্যর্থ হলো তাদের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন ‘মিশন হেক্সা’।