ফুটবলে অসামান্য অবদান এবং সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করার স্বীকৃতিস্বরূপ স্পেনের মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস’ পেয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। শুক্রবার স্পেনের ওভিয়েদো শহরে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

স্প্যানিশ ভাষাভাষী বিশ্বে অত্যন্ত সম্মানজনক এই পুরস্কারকে অনেক সময় ‘স্প্যানিশ নোবেল’ বলা হয়। মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি তাঁর সামাজিক কর্মকাণ্ডও পুরস্কারটির জন্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পুরস্কার প্রদান করেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর। অনুষ্ঠানে তিনি মেসির অসাধারণ ফুটবলীয় দক্ষতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলীয় চেতনাকে গুরুত্ব দেওয়ার প্রশংসা করেন। আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি ফুটবল ইতিহাসের অন্যতম সফল খেলোয়াড়।

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ক্লাব ফুটবলেও অসংখ্য শিরোপা অর্জন করেছেন তিনি। বার্সেলোনায় দীর্ঘ ২১ বছরের অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন এই তারকা। পরে প্যারিস সেইন্ট জার্মেইয়ে খেলেছেন দুই মৌসুম। বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন তিনি।

ফুটবলের বাইরে শিশুদের কল্যাণেও কাজ করে আসছেন মেসি। স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ বাড়াতে তাঁর বিভিন্ন উদ্যোগ পুরস্কারটির ক্ষেত্রে বিশেষভাবে বিবেচিত হয়েছে। ১৯৮১ সালে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার চালু হয়। শিল্প, বিজ্ঞান, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান এবং মানবিক মূল্যবোধ, সংহতি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রসারে ভূমিকা রাখার জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। এর সঙ্গে রয়েছে ৫০ হাজার ইউরো অর্থমূল্যের সম্মাননা।

ক্রীড়া বিভাগে এর আগে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস ও রাফায়েল নাদাল, ম্যারাথন দৌড়বিদ এলিউদ কিপচোগে এবং মার্কিন স্কিয়ার লিন্ডসে ভন এ পুরস্কার পেয়েছেন।