ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহাকে আবারও দেখা যাবে দুটি নতুন একক নাটকে। ভিন্ন গল্প ও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। নাটক দুটি হলো জাকারিয়া সৌখিন পরিচালিত ‘ভালো আছো তো’ এবং মাসরিকুল আলমের ‘ত্রিভুজ’।
এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ‘ভালো আছো তো’ নাটকটি। এর পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন জাকারিয়া সৌখিন। অপূর্ব ও নীহা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আবিদ প্রান্ত, সাবেরী আলম, সমাপ্তি মাসুক, মাসুম বাসার ও মিলি বাসারসহ অনেকে।
অন্যদিকে, ভালোবাসা, পারিবারিক দায়িত্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত হয়েছে ‘ত্রিভুজ’ নাটকটি। এতে অপূর্ব ও নীহার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। নাটকের গল্পে ঋতু নামের এক লাইব্রেরিয়ানের অনুপ্রেরণায় লেখালেখি শুরু করে রুমী নামের এক তরুণ। একপর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। কিন্তু পারিবারিক দায়িত্বের কারণে রুমী সরে দাঁড়ালে ঋতুর বিয়ে হয় ব্যবসায়ী মিলনের সঙ্গে।
বিয়ের পর ঋতুর অতীত নিয়ে মিলনের অতিরিক্ত সন্দেহ তাদের দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করে। সম্পর্ক যখন ভাঙনের মুখে, তখন ঋতু ও মিলনের পাশে এসে দাঁড়ায় রুমী। এরপর গল্পে তৈরি হয় নতুন মোড়।
মাসরিকুল আলম পরিচালিত ‘ত্রিভুজ’ নাটকটির শুটিং ইতিমধ্যে শেষ হয়েছে। নির্মাতা জানিয়েছেন, শিগগিরই নাটকটি অনলাইনে প্রকাশ করা হবে।
দুটি নাটকেই আলাদা গল্প ও চরিত্রে অপূর্ব-নীহার অভিনয় দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।