স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী নয়, যোগ্যদের প্রতি সমর্থন থাকবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না এবং দলীয়ভাবে কোনো প্রার্থী দেওয়া হবে না। তবে ত্যাগী ও যোগ্য ব্যক্তিদের প্রতি সমর্থন থাকবে।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চলতি অর্থবছরের মধ্যেই এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত পরিকল্পনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের দলীয় প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না। দলীয়ভাবে প্রার্থী দেওয়ারও কোনো পরিকল্পনা নেই। তবে নির্বাচনে ত্যাগী, যোগ্য ও জনসম্পৃক্ত ব্যক্তিদের প্রতি সমর্থন থাকবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে।