বিশ্বকাপে মেসিকে হত্যার হুমকি, পুলিশের ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য
২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকে লক্ষ্য করে একাধিক সন্ত্রাসী হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে পুলিশের ফাঁস হওয়া একটি নথিতে। নথিতে মেসিকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলার হুমকি, স্টেডিয়ামে বিস্ফোরক ও অস্ত্র নিয়ে হামলার কথিত পরিকল্পনা এবং খেলোয়াড়দের অনুসরণের মতো একাধিক নিরাপত্তাঝুঁকির তথ্য উঠে এসেছে।
গোল ডটকম স্প্যানিশ সংবাদমাধ্যম ইনফরমেশন এস-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ইনফরমেশন এস-এর হাতে আসা ওই নথিতে বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়, রেফারি ও অন্যান্য কর্মকর্তাদের ঘিরে বিভিন্ন নিরাপত্তা হুমকির কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে বোমা হামলার হুমকি, খেলোয়াড়দের অনুসরণ (স্টকিং) এবং অনলাইন হয়রানির বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করা হয়। এসব হুমকি মোকাবিলায় এফবিআই ও আইপিসিসির নেতৃত্বে একটি যৌথ নিরাপত্তা নেটওয়ার্ক কাজ করেছিল বলেও নথিতে উল্লেখ রয়েছে।
মেসিকে লক্ষ্য করে কথিত আত্মঘাতী হামলার হুমকিকে নথিতে সবচেয়ে উদ্বেগজনক ঘটনাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে মেসিকে হত্যার উদ্দেশ্যে আটলান্টার একটি স্টেডিয়ামে আত্মঘাতী হামলা চালানোর হুমকি দেন। ওই ব্যক্তি শরীরে চারটি বোমা বেঁধে স্টেডিয়ামে প্রবেশ করে মেসিকে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন বলে দাবি করা হয়েছে।
মেসিকে ঘিরে আরেকটি ঘটনায় ডালাস বিমানবন্দরে করা একটি ফোনকলের কথাও উঠে এসেছে নথিতে। সেখানে এক ব্যক্তি দাবি করেন, তিনি আরও দুজনকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামের দিকে যাচ্ছেন এবং তাদের কাছে ঘরে তৈরি বোমা ও একটি এআর-১৫ রাইফেল রয়েছে। ফোনে পুলিশ কর্মকর্তা ও ফুটবলারদের লক্ষ্য করার কথা বলা হয়। ওই হুমকিতে মেসির নামও উল্লেখ করা হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
শুধু মেসি নন, বিশ্বকাপ চলাকালে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেও ঘিরে একাধিক নিরাপত্তা উদ্বেগের ঘটনা ঘটেছিল। নথি অনুযায়ী, ১৪ জুন এক ফিফা কর্মী কর্তৃপক্ষকে সতর্ক করেন। তার নজরে আসে, এক সন্দেহভাজন ব্যক্তি রোনালদোর অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। এরপর টরন্টো, হিউস্টন ও মিয়ামিতেও রোনালদোকে ঘিরে একই ধরনের নিরাপত্তা উদ্বেগের ঘটনা ঘটে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
বিশ্বকাপের খেলোয়াড়দের পাশাপাশি রেফারিরাও অনলাইন হুমকির শিকার হন। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বিশ্বকাপ চলাকালে হোয়াটসঅ্যাপে প্রায় ছয় হাজার হুমকিমূলক বার্তা পেয়েছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ফাঁস হওয়া এসব নথির তথ্য বিশ্বকাপ চলাকালে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তবে নথিতে উল্লেখ করা হুমকিগুলোর সবগুলো বাস্তব হামলার প্রস্তুতি ছিল কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে পাওয়া যায়নি।