প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
সময়: ০১:৫১ পিএম
লামায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
লামা (বান্দরবান) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংস্কৃতি, সাম্য ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বান্দরবানের লামায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মঈনউদ্দিন।
সঞ্চালনায় ছিলেন জনাব,জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক, নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়,লামা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. সোলেমান আহমেদ, লামা থানার প্রতিনিধি নজরুল ইসলাম, লামার সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়ানু অং চৌধুরী, লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা শাখার আমীর কাজী মোঃ ইব্রাহীম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লামা উপজেলা শাখার আহ্বায়ক মোঃ নাজমুল হাসান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা সরকারি মাতামুহুরি কলেজের প্রভাষক শামসুল আলম, লামা ইলামিয়া ডিগ্রি মাদরাসার প্রভাষক তমিজউদ্দীন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন; তিনি ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম নতুন প্রজন্মকে ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সৃজনশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে নজরুলের কবিতা, গান, আবৃত্তি, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।