কালিগঞ্জে রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকারসহ লুট দেড় লাখ টাকা

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে রাতের আঁধারে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বারান্দার রেলিংয়ের সিটকানি খুলে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খালধার এলাকার শহীদ মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, চোরেরা বাইরে থেকে দরজার ছিটকানি লাগিয়ে দিয়ে পাশের ঘরের আলমারি ও বাক্স তছনছ করে। এ সময় নগদ ৩ হাজার ৪০০ টাকা এবং কানের দুল, নাকফুল ও নূপুরসহ প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়।

রাত ১১টার দিকে শহীদ মোড়লের স্ত্রী ঘুম থেকে উঠে পাশের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে চুরির বিষয়টি জানতে পারেন।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার চোরদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।