প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬
সময়: ১০:০০ পিএম
নজরুলের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন
বাবুল মিয়া, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার অমর কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সুনামগঞ্জের তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) তাহিরপুরে আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুনাব আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা বিএনপির সদস্য এ কে এম নাসের উজ্জ্বল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল কিবরিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শন বাঙালি জাতির চেতনায় গভীরভাবে প্রোথিত। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসার যে বার্তা রয়েছে, তা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
‘নজরুল বর্ষ ২০২৬’-এর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও আদর্শ সম্পর্কে তরুণ প্রজন্মকে আরও বেশি সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।