হরমুজ বন্ধে বিশ্বজুড়ে ঋণের খরচ বাড়ছে: আইএমএফ প্রধান

হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর ঋণ সমস্যা আরও প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা।

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত জি-২০ বৈঠকের ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইএমএফ প্রধান সতর্ক করে বলেন, হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্বজুড়ে ঋণের খরচ বাড়ছে। এর ফলে উন্নয়নশীল দেশগুলোর ঋণসংক্রান্ত অগ্রগতি হুমকির মুখে পড়ছে। দীর্ঘ সময় ধরে প্রণালিটি বন্ধ থাকায় সৃষ্ট মূল্যস্ফীতির চাপ এবং বিশ্বব্যাপী ক্রমবর্ধমান ঋণের পরিমাণ বন্ডের ইল্ড বাড়ার অন্যতম কারণ হয়ে উঠেছে।

তিনি বলেন, বিষয়টি শুধু নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। উন্নত অর্থনীতিগুলোতেও ঋণের উচ্চ মাত্রা ও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির কারণে ঋণ পরিশোধের ব্যয় বাড়তে পারে।

এর ফলে নিম্ন আয়ের জনগোষ্ঠী, উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিসহ বিশ্বের বিভিন্ন দেশের ওপর ঋণের বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেন আইএমএফ প্রধান।