প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
সময়: ০৪:৩০ পিএম
কলারোয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন প্রফেসর শশী ভূষণ পাল
আদম আলী, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রফেসর শশী ভূষণ পাল। রবিবার (৬ সেপ্টেম্বর ২০২৬) তিনি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ১৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের একজন অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা। এর আগেও এই কলেজের সাথে তাঁর দীর্ঘ স্মৃতি জড়িয়ে রয়েছে; তিনি ১৯৯৮ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত কলারোয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বীর সন্তান প্রফেসর শশী ভূষণ পাল কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের পালপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কলারোয়ার নিজ জন্মভূমির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে অধ্যক্ষ হিসেবে পুনরায় ফিরে আসায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীমহলে আনন্দের আমেজ বিরাজ করছে।
যোগদানকালে কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা জানান। দায়িত্ব গ্রহণ করে নতুন অধ্যক্ষ কলারোয়া সরকারি কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অ্যাকাডেমিক পরিবেশ রক্ষা এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।