অফিসের শৃঙ্খলা ও পেশাদারিত্ব লঙ্ঘনের দায়ে ‘বার্তা বিচিত্রা’র ক্রাইম ইনচার্জ মোঃ আতিকুর রহমানকে স্থায়ীভাবে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক :

অফিসের শৃঙ্খলা ভঙ্গ, পেশাগত দায়িত্বে অবহেলা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে বার্তা বিচিত্রা'র ক্রাইম ইনচার্জ মোঃ আতিকুর রহমান-কে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। গত ২৩ আগষ্ট ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

বার্তা বিচিত্রা'র সম্পাদক ও প্রকাশক মো. রনি স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মোঃ আতিকুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনে চরম অবহেলা, অপেশাদার আচরণ এবং প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে। এসব কর্মকাণ্ড প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত করার পাশাপাশি প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে কর্তৃপক্ষের মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, উত্থাপিত অভিযোগগুলো প্রতিষ্ঠানের চাকরি বিধিমালার গুরুতর লঙ্ঘনের শামিল। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে এবং প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় তাকে বার্তা বিচিত্রা'র ক্রাইম ইনচার্জ পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত (Dismissed) করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বহিষ্কারাদেশে আরও বলা হয়েছে, আদেশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে তাকে প্রতিষ্ঠানের প্রদত্ত পরিচয়পত্র (আইডি কার্ড) এবং অন্যান্য দাপ্তরিক সামগ্রী (ওয়্যারলেস মাইক্রোফোন, ক্যামেরা, বুম এবং অফিসিয়াল ভিজিটিং কার্ড) দ্রুত কর্তৃপক্ষের কাছে ফেরত দিতে হবে। 

একই সঙ্গে, ভবিষ্যতে তিনি কোনো অবস্থাতেই নিজেকে বার্তা বিচিত্রা'র ক্রাইম ইনচার্জ বা প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি রূপে পরিচয় দিতে পারবেন না।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, অফিসের শৃঙ্খলা, পেশাগত নৈতিকতা এবং সংবাদমাধ্যমের মানদণ্ড অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও অনিয়ম ও দায়িত্বহীনতার বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।