ব্রাহ্মণবাড়িয়ায় রুফটপ সোলার স্থাপন বিষয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলার সকল দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন।
জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে ও জেলার ফোকাল পার্সন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ বছরে বিকল্প জ্বালানি বিশেষ করে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ থেকে জাতীয় গ্রীডে সাড়ে পাচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেজন্য সকল সরকারী, বে-সরকারী ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।
তিনি এ বিষয়ে কর্মপন্থা সরকারের পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন বৈশ্বিক অবস্থার কারণে বিকল্প জ্বালানি ছাড়া আমাদের কোনও উপায় নেই। বিশ্বের তেল উৎপাদনকারী দেশসমূহ সহ সকল দেশই এ ব্যাপারে কাজ করছে। আমাদের দেশের সীমিত সম্পদ দিয়ে জ্বালানির যোগান দেয়া এবং এই খাতে ক্রমাগত ভর্তুকী বেড়ে যাওয়ার হার রোধ করা ছাড়া বিকল্প কোন পথ নেই। এ ব্যাপারে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। সরকারের এই উদ্যোগকে সফল করতেই হবে। আমাদের সভ্যতাকে সচল রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মানে এর কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন আমাদেরকে সোলার প্যানেল স্থাপন ও এর রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সকল বাঁধা বিপত্তিকে ডিঙ্গিয়ে জনগণের স্বার্থে এর বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে তিনি সকল দপ্তর প্রধানদের সহযোগিতা কামনা করেন। জেলা ও উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির মাধ্যমে এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচী বাস্তবায়ন কমিটির সমন্বয়ে বিভিন্ন বিদ্যুৎ বিতরন সংস্থার স্থানীয় কার্যালয় সমূহ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিবে।
আগামী ২৮ ফেব্রয়ারী ২০২৭ এর মধ্যে সরকারী স্থাপনার ছাদে সোলার প্যানেল স্থাপন কার্যক্রম সফল করতে হবে বলে সভায় জানানো হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ তাদের মতামত তুলে ধরেন।