শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করেছেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
আজ রোববার বেলা ১১টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম এবং পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম।
এ সময় বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।
বক্তারা আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অতীতের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় জানানো হয়, বাগেরহাট জেলার ৯টি উপজেলা ও তিনটি পৌরসভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের সমাগম বাড়তে পারে বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও সভায় উল্লেখ করা হয়।
এ ছাড়া জেলার সার্বিক যোগাযোগ ও যাতায়াতব্যবস্থা, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বাজার পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে উল্লেখ করা হয়। জনসাধারণের স্বাভাবিক চলাচল, নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং উৎসবকে কেন্দ্র করে সম্ভাব্য জনসমাগম সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বাগেরহাট জেলার উর্ধতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা এ সভায় অংশ নেন।