গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী
একজন মানুষকে মূল্যায়ন করতে হলে তাঁর জীবন, আদর্শ, বিশ্বাস, মানবিকতা ও কর্মের সামগ্রিক দিক বিবেচনা করা জরুরি। কোনো বিচ্ছিন্ন ঘটনা, অনিচ্ছাকৃত আচরণ কিংবা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে একজন মানুষের পুরো ব্যক্তিত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা কখনোই ন্যায়সংগত নয়।
মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়। জীবনের পথচলায় অনিচ্ছাকৃত ভুল কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে কারও দীর্ঘদিনের আদর্শ, বিশ্বাস, মানবিকতা ও অর্জনকে অস্বীকার করা কতটা যুক্তিসংগত, তা আমাদের বিবেকের কাছে প্রশ্ন রাখা প্রয়োজন।
আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, উপলব্ধি ও হৃদয়ের গভীর থেকে কিছু কথা বলতে চাই বাংলাদেশের মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, নেত্রকোনার মাটি ও মানুষের গর্ব, ব্যারিস্টার কায়সার কামাল এমপিকে নিয়ে।
পাহাড়ি জনপদ থেকে জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে
হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি (রহ.)-এর স্মৃতিধন্য নেত্রকোনার পাহাড়ি জনপদ কলমাকান্দার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার কায়সার কামাল। নিজস্ব মেধা, অধ্যবসায়, কর্মনিষ্ঠা ও রাজনৈতিক পথচলার মধ্য দিয়ে তিনি আজ বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে অধিষ্ঠিত হয়েছেন।
একজন মানুষের প্রকৃত সৌন্দর্য শুধু তাঁর পদ-পদবি কিংবা ক্ষমতার উচ্চতায় নয়; বরং সেই অবস্থানে থেকেও তিনি কতটা বিনয়ী, মানবিক এবং সাধারণ মানুষের কাছাকাছি থাকতে পারেন, তার মধ্যেই তাঁর প্রকৃত পরিচয় ফুটে ওঠে।
আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে, ব্যারিস্টার কায়সার কামালের ব্যক্তিত্বের উল্লেখযোগ্য দিক হলো তাঁর বিনয়, ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধা এবং মানুষের সঙ্গে আন্তরিক আচরণ।
ক্ষমতার আসনে থেকেও বিনয়ের পরিচয়
ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর জাতীয় সংসদে দেওয়া তাঁর প্রথম বক্তব্যের একটি অংশ আমাকে বিশেষভাবে মুগ্ধ করেছে। তিনি বলেছিলেন—
“আমরা কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নই। মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল হলে শুধরে দেবেন।”
এই বক্তব্যে ফুটে উঠেছে আত্মসমালোচনা গ্রহণের মানসিকতা এবং বিনয়ের পরিচয়। ক্ষমতাবান ব্যক্তিদের অনেকেই সমালোচনা গ্রহণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। অথচ জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদাপূর্ণ দায়িত্বে থেকেও তিনি নিজের ভুল শুধরে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আমার কাছে এটি শুধু একজন ব্যক্তির বিনয় প্রকাশ নয়; বরং একটি ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা, যেখানে ক্ষমতার চেয়ে নৈতিকতা, অহংকারের চেয়ে বিনয় এবং আত্মপ্রশংসার চেয়ে আত্মশুদ্ধি বেশি গুরুত্ব পাবে।
পবিত্র কোরআনের প্রতি ভালোবাসার একটি স্মরণীয় মুহূর্ত
কিছুদিন আগে নেত্রকোনা সার্কিট হাউসে ডেপুটি স্পিকার মহোদয়ের সঙ্গে একটি স্মরণীয় মুহূর্তের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছিল আমার।
সেখানে ছিল রাষ্ট্রীয় প্রটোকল, নেতাকর্মীদের উপস্থিতি এবং নানা ব্যস্ততা। এতসব আনুষ্ঠানিকতার মধ্যেও তিনি একজন সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে মুসাফাহা করেন। ওই ব্যক্তি তাঁকে পবিত্র কোরআন শরিফ উপহার দেন।
ডেপুটি স্পিকার অত্যন্ত আনন্দের সঙ্গে কোরআন শরিফটি গ্রহণ করেন এবং যথাযথ সম্মান ও আদবের সঙ্গে নিজের বুকপকেটে সংরক্ষণ করেন।
সেদিনের সেই দৃশ্যটি আমার হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছিল। আমি উপলব্ধি করেছিলাম, মানুষের প্রকৃত পরিচয় কেবল বাহ্যিক আড়ম্বর কিংবা রাষ্ট্রীয় মর্যাদায় সীমাবদ্ধ নয়; বরং তাঁর বিশ্বাস, ভালোবাসা, বিনয় ও মূল্যবোধের মধ্যেই ব্যক্তিত্বের প্রকৃত সৌন্দর্য নিহিত।
একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ও আমাদের বিবেকের কাছে কিছু প্রশ্ন
সম্প্রতি রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ অনুষ্ঠানে রাষ্ট্রীয় অতিথি হিসেবে প্রধান অতিথি ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
বাংলাদেশের সৌন্দর্য তার বহুমাত্রিক সংস্কৃতি, ধর্মীয় সম্প্রীতি ও জাতিগত বৈচিত্র্যের মধ্যে নিহিত। এ দেশের প্রতিটি সম্প্রদায়ের রয়েছে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি ও উৎসব। রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সৌহার্দ্যের ইতিবাচক প্রকাশ।
অনুষ্ঠানের একপর্যায়ে অসাবধানতাবশত তাঁর কপালে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী একটি প্রতীক বা চিহ্ন পরিয়ে দেওয়া হয় বলে বিভিন্ন মাধ্যমে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন।
আমাদের মনে রাখা প্রয়োজন, কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকা কিংবা সেখানকার আনুষ্ঠানিকতার অংশ হওয়া অথবা অনিচ্ছাকৃতভাবে কোনো প্রতীক ধারণ করার প্রকৃত তাৎপর্য নির্ধারণের আগে ঘটনার বাস্তবতা, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তির অবস্থান বিবেচনা করা জরুরি।
কোনো বিষয়ে প্রশ্ন থাকতে পারে, ব্যাখ্যা চাওয়া যেতে পারে। ভুল হয়ে থাকলে তা ধরিয়ে দেওয়াও আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষের দীর্ঘদিনের জীবনাচরণ, ধর্মীয় মূল্যবোধ ও ব্যক্তিত্বকে সম্পূর্ণভাবে অস্বীকার করা কতটা ন্যায়সংগত?
সমালোচনা অবশ্যই হোক, তবে তা হতে হবে যুক্তিনির্ভর, তথ্যভিত্তিক ও শালীন।
আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়
আমরা স্মরণ করতে পারি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের দায়িত্ব গ্রহণের পর ব্যারিস্টার কায়সার কামাল মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ ছাড়া এলাকার আলেম-উলামাদের সংসদ ভবনে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করার উদ্যোগও তাঁর ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধার একটি দৃষ্টান্ত হিসেবে আমার কাছে বিবেচিত হয়েছে।
একজন মানুষের জীবনকে মূল্যায়ন করতে হলে তাঁর সামগ্রিক কর্মকাণ্ড, চিন্তা-চেতনা, বিশ্বাস ও আদর্শ বিবেচনায় নেওয়া উচিত। কোনো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে তাঁর সমগ্র জীবনকে বিচার করা যেমন অনুচিত, তেমনি তাঁর ইতিবাচক কর্মকাণ্ডগুলো উপেক্ষা করাও ন্যায়সংগত নয়।
একজন জনপ্রতিনিধির ভালো কাজকে উৎসাহিত করা এবং তাঁর ভুলত্রুটি যুক্তিসংগতভাবে তুলে ধরা—দুটিই সুস্থ রাজনৈতিক ও সামাজিক সংস্কৃতির অপরিহার্য অংশ।
সমালোচনা হোক, তবে শালীনতার সীমা অতিক্রম করে নয়
আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মতের ভিন্নতা থাকবে, প্রশ্ন থাকবে, সমালোচনা থাকবে; কিন্তু থাকবে না অশালীনতা, ব্যক্তিগত বিদ্বেষ কিংবা কুরুচিপূর্ণ আক্রমণ।
একজন মানুষের ভালো কাজের প্রশংসা করা যেমন আমাদের দায়িত্ব, তেমনি তাঁর ভুল হলে তা ধরিয়ে দেওয়াও দায়িত্ব। তবে ভুল ধরিয়ে দেওয়া আর একজন মানুষের ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করা এক বিষয় নয়।
অশালীন মন্তব্য কখনো যুক্তির শক্তি বাড়ায় না; বরং মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধকে ক্ষতিগ্রস্ত করে। তাই সমালোচনা হতে হবে তথ্য ও যুক্তিনির্ভর, ব্যক্তিগত আক্রমণমুক্ত এবং শালীন।
আমি ব্যারিস্টার কায়সার কামালের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তিনিও একজন মানুষ; ভুলের ঊর্ধ্বে নন। তাঁর কোনো ভুল হলে তা অবশ্যই দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরা উচিত। তবে তাঁকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে ব্যক্তিত্বকে হেয় করার প্রবণতা সুস্থ বিবেক, নৈতিকতা কিংবা দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতির পরিচয় বহন করে না।
আমি প্রত্যাশা করি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁর সততা, মানবিকতা, বিনয় ও ধর্মীয় মূল্যবোধ ধারণ করে দেশের মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আইনের শাসন, মানবাধিকার, ন্যায়বিচার, ধর্মীয় মূল্যবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁর সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।
বাংলাদেশের মাটি ও মানুষের প্রত্যাশা পূরণে তিনি আরও এগিয়ে যাবেন—এটাই আমাদের প্রত্যাশা। দেশের প্রতিটি নাগরিকের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর অবস্থান হবে ন্যায়, মানবিকতা ও সংবিধানের আলোকে।
পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন ব্যারিস্টার কায়সার কামালকে সুস্থতা, নেক হায়াত, উত্তম প্রজ্ঞা ও কল্যাণকর কর্মের তাওফিক দান করেন। তাঁর মাধ্যমে দেশ, জাতি ও মানবতার কল্যাণ সাধিত হোক।
আমিন, ইয়া রব্বাল আলামিন।
---
লেখক:
গাজী মুহাম্মাদ আবদুর রহীম রুহী সহকারী মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন এমপি প্রার্থী, নেত্রকোনা-২