বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে। বিশ্বব্যাংকের হিসাবে, দেশের ১৭ কোটি ৫৭ লাখ মানুষের মধ্যে এই ঋণ ভাগ করলে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৪৬ ডলার। এক বছরে দেশের মোট বৈদেশিক ঋণ বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।
গত ৫ নভেম্বর প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে বাংলাদেশের বৈদেশিক ঋণ প্রায় তিন গুণ বেড়েছে। ২০১৫ সালে দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ৩৮ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, মাথাপিছু ঋণের হিসাবটি দেশের মোট বৈদেশিক ঋণকে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে নির্ধারণ করা হয়েছে। এটি সামষ্টিক অর্থনীতির একটি গড় হিসাব। অর্থাৎ, প্রত্যেক নাগরিকের ব্যক্তিগতভাবে এই পরিমাণ ঋণ পরিশোধের দায় রয়েছে—বিষয়টি এমন নয়। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের মধ্যে সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ ৮৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। বেসরকারি খাতের গ্যারান্টিবিহীন ঋণ ৯ দশমিক ৮৭ বিলিয়ন ডলার এবং স্বল্পমেয়াদি ঋণ ১৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার।
সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতাদের কাছে দায় ৫১ দশমিক ১৪ বিলিয়ন ডলার এবং দ্বিপক্ষীয় ঋণদাতাদের কাছে ৩২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এ ছাড়া বেসরকারি ঋণদাতাদের কাছে ঋণের পরিমাণ ৫ দশমিক ৭২ বিলিয়ন ডলার। বহুপক্ষীয় ঋণদাতাদের মধ্যে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে নেওয়া ঋণের পরিমাণ ২২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ঋণ ১৭ দশমিক ৫২ বিলিয়ন ডলার। অন্যদিকে দ্বিপক্ষীয় ঋণদাতাদের মধ্যে জাপানের কাছে বাংলাদেশের ঋণ সবচেয়ে বেশি, ১২ দশমিক ৭২ বিলিয়ন ডলার। রাশিয়ার কাছে ঋণ ৯ দশমিক ০২ বিলিয়ন ডলার।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশের বৈদেশিক ঋণ রপ্তানি আয়ের ২১০ শতাংশে দাঁড়িয়েছে। একই সময়ে মোট জাতীয় আয়ের (জিএনআই) তুলনায় বৈদেশিক ঋণের অনুপাত বেড়ে হয়েছে ২৪ শতাংশ। তবে রপ্তানি আয় ও জাতীয় আয়ের তুলনায় ঋণ পরিশোধের চাপ কিছুটা কমেছে।
রপ্তানি আয়ের তুলনায় ঋণ পরিশোধের অনুপাত কমে ১৬ শতাংশে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট জাতীয় আয়ের তুলনায় ঋণ পরিশোধের হার কমে হয়েছে ২ শতাংশ। এদিকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে বেশি
মাথাপিছু বৈদেশিক ঋণের হিসাবে দক্ষিণ এশিয়ার গড়ের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে এ অঞ্চলের ছয়টি দেশের মোট বৈদেশিক ঋণ ছিল ৯৫৫ বিলিয়ন ডলার। ১৬৯ কোটি ২০ লাখ মানুষের হিসাবে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫৬৪ ডলার। সেখানে বাংলাদেশের মাথাপিছু ঋণ ৬৪৬ ডলার।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের মাথাপিছু বৈদেশিক ঋণ প্রায় ৫২২ ডলার এবং নেপালের ৪০১ ডলার। অন্যদিকে শ্রীলঙ্কায় এ পরিমাণ প্রায় ২ হাজার ৬৪৫ ডলার, ভুটানে ৪ হাজার ২১৮ ডলার এবং মালদ্বীপে প্রায় ৮ হাজার ৯৫৭ ডলার।
অঞ্চলটির দেশগুলোর মধ্যে ভারতের বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি, ৭৬৩ দশমিক ৫২ বিলিয়ন ডলার। এরপর বাংলাদেশের ১১৩ দশমিক ৪৪ বিলিয়ন ডলার এবং শ্রীলঙ্কার ৫৭ দশমিক ৬৬ বিলিয়ন ডলার।
বিশ্বে উন্নয়নশীল দেশগুলোর ঋণ ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর মোট বৈদেশিক ঋণ ৫ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড ৯ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। ২০২১ সালের পর এটিই এক বছরে ঋণ বৃদ্ধির সর্বোচ্চ হার। এসব দেশ ওই বছর মূলধন ও সুদ বাবদ মোট ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার পরিশোধ করেছে। টানা পঞ্চম বছরের মতো বেড়েছে তাদের ঋণ পরিশোধের ব্যয়।
বিশ্বব্যাংক গ্রুপের প্রধান পরিসংখ্যানবিদ ও উন্নয়ন তথ্যবিষয়ক পরিচালক হাইশান ফু বলেন, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বেসরকারি ঋণপ্রবাহ ফিরে আসা ইতিবাচক। তবে এসব দেশ আরও বেশি ঋণ নিচ্ছে এবং ঋণ পরিশোধে বেশি অর্থ ব্যয় করছে। ফলে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি উন্নয়নে ব্যয়ের সুযোগ কমে যাচ্ছে।
এদিকে বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণ পাওয়ার যোগ্য দেশগুলোর বৈদেশিক ঋণ ৮ দশমিক ১ শতাংশ বেড়ে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।