হবিগঞ্জের লাখাই উপজেলায় উৎসবমুখর পরিবেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৩টায় লাখাই উপজেলার হেলিপ্যাড মাঠে করাব ইউনিয়ন বনাম বামৈ ইউনিয়নের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহাইব হাসান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ.টি.এম. মহিতুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি পারভেজ হাসান, উপজেলা নতুন কুঁড়ি স্পোর্টস-এর সদস্য আহমদ আজম, খাইরুদ্দিন আহমেদ স্বাধীন এবং মাহমুদুল হকসহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তিবর্গ।
উদ্বোধনী ম্যাচে করাব ইউনিয়ন ফুটবল দল ও বামৈ ইউনিয়ন ফুটবল দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ ও পাল্টা-আক্রমণে চমৎকার খেলা উপহার দেয়। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। সেখানে বামৈ ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে বিজয়ের হাসি হাসে করাব ইউনিয়ন ফুটবল দল।
খেলা শেষে অতিথিবৃন্দ চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শনের জন্য উভয় দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং উপজেলার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।