ফারমিন লোপেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। রোববার মেট্রোপলিতানো স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ১২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৩৩। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে রয়েছে কাতালান ক্লাবটি। ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথম দিকেই দুই দল একবার করে গোলপোস্টে বল লাগায়। তবে ১০ মিনিটে অ্যাথলেটিকোকে এগিয়ে দেন জুলিয়ানো সিমিওনে। হুলিয়ান আলভারেজের ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠান তিনি। গোল হজমের পর বার্সেলোনা স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও অ্যাথলেটিকোই বরং দ্বিতীয় গোলের জন্য বেশি আক্রমণ চালায়। আলভারেজের একটি প্রচেষ্টা রুখে দেন বার্সেলোনার গোলরক্ষক হুয়ান গার্সিয়া।
প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফেরে বার্সেলোনা। বক্সে ঢোকার পথে বাধা পেয়ে বলের নিয়ন্ত্রণ হারিয়েও ফিরতি বল পেয়ে শট নেন ফারমিন লোপেজ। তাঁর নেওয়া শট অ্যাথলেটিকোর গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করে জালে জড়ায়। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধের শুরুতেও গোলের সুযোগ তৈরি করে অ্যাথলেটিকো। তবে আলভারেজের একটি প্রচেষ্টা ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। পরে সেই ব্যর্থতার মাশুল দিতে হয় স্বাগতিকদের।
৬৬ মিনিটে লামিন ইয়ামালের দারুণ পাস অ্যাথলেটিকোর রক্ষণভাগ ভেদ করে পৌঁছে যায় লোপেজের কাছে। ঠান্ডা মাথায় ওবলাককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোল করেন ২৩ বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার। চলতি মৌসুমে লা লিগায় ১১ ম্যাচে এটি তাঁর সপ্তম গোল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। নিজেদের সেরা ফুটবল খেলতে না পারলেও গুরুত্বপূর্ণ এই জয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল।
গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে অ্যাথলেটিকোর কাছে হেরেছিল বার্সেলোনা। এবারের জয়ের মাধ্যমে সেই দুই পরাজয়ের কিছুটা হলেও জবাব দিয়েছে কাতালানরা। ম্যাচ শেষে লোপেজ বলেন, অ্যাথলেটিকো কঠিন প্রতিপক্ষ হবে—এটা তারা আগে থেকেই জানতেন। পিছিয়ে পড়ার পরও দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাতে তিনি সন্তুষ্ট।
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকও দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের কঠিন ম্যাচ জেতার সক্ষমতা তার দলের রয়েছে এবং খেলোয়াড়দের ওপর তাঁর পূর্ণ বিশ্বাস আছে।
দিনের অন্য ম্যাচে রিয়াল বেতিস ২-০ গোলে এলচেকে হারিয়েছে। রিয়াল সোসিয়েদাদ ১-০ গোলে রায়ো ভায়েকানোকে এবং ভিয়ারিয়াল ২-০ গোলে গেতাফেকে পরাজিত করেছে। সেল্টা ভিগো ও লেভান্তের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।