সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বড় ধরনের সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন। চলতি বছরের প্রথম ১০ মাসে রংপুর রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক করা হয়েছে ৬১৫ জনকে।
বিজিবি সূত্রে জানা গেছে, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এই বিস্তীর্ণ সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য পণ্য চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি।
গত ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত রংপুর রিজিয়নের অধীন চারটি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেন। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।
এ ছাড়া জব্দ করা হয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০টি ইয়াবা, ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল, ৩ হাজার ৫০৬টি ফেয়ারডিল, ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২ লাখ ৩৮ হাজার ৮০৭টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২টি মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০টি নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬টি ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এরই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানার সীমান্তবর্তী ধোবড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় বিজিবি ও পুলিশ। ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে আমিনুল ইসলাম নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, মহানন্দা ব্যাটালিয়ন গত এক বছরে প্রায় ১৩ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৯৫৯ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে।
বিজিবি রংপুর রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপতৎপরতা ঠেকাতেও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বিজিবি মনে করে, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতা গুরুত্বপূর্ণ। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সংস্থাটি।