নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগাম জামিন নিতে গিয়ে শেখ আরিফুল ইসলাম ওরফে রাকিব (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার আগাম জামিন নিতে গেলে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। রাকিব সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা (আমতলা আইকন স্কুল ভবন) এলাকার বাসিন্দা। তিনি শেখ আনোয়ার পারভেজ ওরফে ইয়ানুরের ছেলে।
মামলার নথি ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, উপজেলার ছোট সাদিদপুর এলাকার বাসিন্দা রাব্বি বাদী হয়ে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৬ ও ৯ ধারায় আদালতে মামলাটি দায়ের করেন। মামলাটির নম্বর ৩৬/২০২৬।
মামলার অভিযোগে বলা হয়, ইউরোপের দেশ হাঙ্গেরিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাদীর কাছে ১৪ লাখ টাকা দাবি করা হয়। এ আশ্বাসে বিশ্বাস করে ২০২৪ সালের ৪ এপ্রিল প্রথম দফায় ৭ লাখ টাকা প্রদান করেন তিনি। এ সময় ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামাও নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, পরবর্তী সময়ে ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বাদীকে দুবাই পাঠানো হয়। সেখানে একটি পাকিস্তানি কোম্পানির কাছে তাঁকে বিক্রির চেষ্টা এবং মারধরের ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া হাঙ্গেরির ভিসা ও ওয়ার্ক পারমিটসংক্রান্ত কাগজপত্র ভুয়া প্রমাণিত হওয়া এবং পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বাদী ও তাঁর বাবাকে হুমকি ও মারধর করার অভিযোগও আনা হয়েছে।
আদালতের নির্দেশে সোনারগাঁ থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং অর্থ লেনদেন ও বিদেশযাত্রা-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করে।