একসময় খরস্রোতা ভৈরব নদীর পানির কলকল শব্দে মুখরিত থাকত যশোর শহর। নদীর দুই পাড়ে মানুষের আড্ডা, পানির ঢেউ আর স্বাভাবিক প্রবাহে প্রাণবন্ত ছিল শহরের পরিবেশ। তবে দখল, দূষণ ও যত্রতত্র বর্জ্য ফেলার কারণে সময়ের সঙ্গে অস্তিত্ব সংকটে পড়ে শহরের বুক চিরে বয়ে চলা ঐতিহ্যবাহী ভৈরব নদী।
কয়েক বছর আগে খনন প্রকল্পের মাধ্যমে নদীটি কিছুটা প্রাণ ফিরে পেলেও শহরের বিভিন্ন স্থান থেকে ময়লা-আবর্জনা ও বর্জ্য নদীতে ফেলার কারণে আবারও বাধাগ্রস্ত হয় এর স্বাভাবিক প্রবাহ। একপর্যায়ে শহর অংশের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে কচুরিপানা। এতে নদীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পানির প্রবাহেও সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।
দীর্ঘদিন এমন পরিস্থিতি চললেও নদীটি পরিষ্কারে কার্যকর উদ্যোগ তেমন দেখা যায়নি। অবশেষে শৈশবের স্মৃতিবিজড়িত ভৈরব নদীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রত্যয় নিয়ে এগিয়ে আসেন যশোরের তরুণ চিকিৎসক ঊষা।
কিছুদিন আগে তিনি একাই নদীতে নেমে কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেন। তাঁর ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দেশের বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের নজরে আসে। পরে তাঁর উদ্যোগে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন এলাকার স্বেচ্ছাসেবীরা ভৈরব নদী পরিষ্কারের কাজে যুক্ত হতে শুরু করেন।
দিনের পর দিন স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় নদী থেকে সরানো হচ্ছে কচুরিপানা। এতে ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ভৈরব নদীর শহর অংশ। দীর্ঘদিন কচুরিপানার আড়ালে ঢাকা থাকা নদীর পানি ও স্বাভাবিক প্রবাহও আবার দৃশ্যমান হতে শুরু করেছে।
একজন তরুণ চিকিৎসকের ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হওয়া পরিচ্ছন্নতা অভিযান এখন রূপ নিয়েছে সম্মিলিত সামাজিক উদ্যোগে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে ভৈরব নদী ফিরে পাবে তার হারানো সৌন্দর্য ও স্বাভাবিক প্রবাহ।
তবে শুধু কচুরিপানা পরিষ্কার করলেই নদীকে রক্ষা করা সম্ভব নয়। নদীতে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলা বন্ধ করার পাশাপাশি নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্টদের মতে, সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে ভৈরব নদীকে আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, স্বচ্ছ ও প্রাণবন্ত নদী হিসেবে সংরক্ষণ করা সম্ভব।