হবিগঞ্জের লাখাই উপজেলার স্বজনগ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হালিমা বেগমের (৮৪) জীবন কাটছে চরম অভাব ও অনিশ্চয়তায়। ১৯৮৮ সালে স্বামী আব্দুল জব্বার মারা যাওয়ার পর থেকেই সংসারের হাল ধরতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়েন তিনি। বয়সের ভারে চলাফেরায় অক্ষম এই বৃদ্ধার ছেলে বেকার এবং আর্থিক সংকটে ছোট মেয়ের বিয়েও দিতে পারেননি। ফলে জীবনের শেষ প্রান্তে এসেও মানুষের সাহায্যের ওপর নির্ভর করে দিন পার করতে হচ্ছে তাঁকে।
জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হালিমা বেগমের বয়স ৮৪ বছর পেরোলেও এখনো তাঁর ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা বা কোনো সরকারি সহায়তা। আক্ষেপ করে তিনি বলেন, “মেম্বার-চেয়ারম্যানের কাছে হাঁটতে হাঁটতে জীবন শেষ হয়ে গেল, কিন্তু একটা ভাতাও জোটেনি।”
এ বিষয়ে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন বলেন, “আমি ওই নারীকে চিনি না। বিষয়টি না দেখে কোনো মন্তব্য করতে পারব না।”
তবে বিষয়টি নজরে আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান। তিনি জানান, আগে আবেদন করা হয়েছিল কি না তা যাচাইসহ পুরো বিষয়টি খতিয়ে দেখে তাঁকে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা করা হবে।
এ ছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি পেলে আবেদন যাচাই করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে কোটা খালি ও বরাদ্দ সাপেক্ষে আগামী ডিসেম্বরেই তিনি ভাতার আওতায় আসতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি। জীবনের শেষ বয়সে এসে প্রশাসনের এই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন চান অসহায় হালিমা বেগম।