ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত দাপ্তরিক তফসিল / কর্ম-পরিকল্পনা অনুযায়ী তালিকা নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত তফসিল অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপে, অর্থাৎ ২০২৭ সালের ২৯ এপ্রিল, বৃহস্পতিবার।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে ইউপি নির্বাচন মোট পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন পর চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ শুরু করেছেন। চায়ের দোকান থেকে হাট-বাজার — সর্বত্রই এখন নির্বাচনী আলোচনা।
স্থানীয় ভোটাররা বলছেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চান। উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও হয়রানিমুক্ত পরিষদ সেবা — এসব বিষয়কেই তারা এবার ভোটের মাপকাঠি হিসেবে দেখছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত তফসিল ও ধাপভিত্তিক ইউনিয়নের তালিকা পাওয়ার পরই নাসিরনগরে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। তফসিল ঘোষণার ৩৮ থেকে ৪৫ দিন আগে তা জানিয়ে দেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সচেতন মহলের প্রত্যাশা, এবারের ইউপি নির্বাচন নাসিরনগরে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গ্রহণযোগ্য হবে। ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই এখন সবার দাবি।