একদিকে উৎপাদন খরচের তুলনায় রোপা আমন ধানের বাজারদর কম, তার ওপর কৃষকদের ঘাড়ে ‘ঢলতা’র বোঝা চাপিয়ে দিচ্ছেন হবিগঞ্জের লাখাই উপজেলার একশ্রেণির অসাধু ধান ব্যবসায়ী ও ফড়িয়া। অভিযোগ রয়েছে, এর নেতৃত্ব দিচ্ছেন করাব এলাকার নুরুল ইসলাম ও আব্দুর রশিদ নামে দুই ফড়িয়া। মাঠে হাড়ভাঙা পরিশ্রম করে ধান ফলালেও বিক্রির সময় এসব ব্যবসায়ী ও ফড়িয়াদের কাছে অনেকটা অসহায় হয়ে পড়ছেন প্রান্তিক চাষিরা।
নিয়ম অনুযায়ী ৪০ কেজিতে এক মণ হলেও ধান শুকিয়ে ওজন কমে যাওয়াসহ নানা অজুহাতে কৃষকদের কাছ থেকে ৪২ কেজিতে এক মণ হিসেবে ধান কিনছেন ব্যবসায়ী ও ফড়িয়ারা। অর্থাৎ ‘ঢলতা’র নামে প্রতি মণে অতিরিক্ত ২ কেজি করে ধান বেশি নিচ্ছেন তাঁরা, যার কোনো মূল্য পাচ্ছেন না কৃষকরা। এতে চরম হয়রানি ও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লাখাই উপজেলায় ৩ হাজার ৯৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে; তবে উৎপাদনের নির্দিষ্ট লক্ষ্যমাত্রার তথ্য পাওয়া যায়নি। বর্তমানে মাঠে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। স্থানীয় বাজারে প্রকারভেদে প্রতি মণ ধান ৯০০ থেকে ৯২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
করাব গ্রামের কৃষক শাহ মোহাম্মদ শান্ত অভিযোগ করে বলেন, “নুরুল ইসলাম ও আব্দুর রশিদ নামে দুই ফড়িয়ার কাছে ৪২ কেজিতে মণ দরে ২৮ মণ ধান বিক্রি করেছি। ‘ঢলতা’র অজুহাতে মণপ্রতি অতিরিক্ত ২ কেজি ধান বেশি না দিলে তাঁরা ধান নিতে চান না।” একই গ্রামের কৃষক ফজলুও একই ধরনের অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্ত আরেক কৃষক রহিম বলেন, “ধান রোপণের সময় শ্রমিকের মজুরি বেশি দিতে হয়েছে। সার কেনার সময়ও সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হয়েছে। কাটার সময়ও শ্রমিক খরচ বেশি গেছে। সবকিছু চড়া দামে কিনে ধান ফলালেও এখন উৎপাদিত ধান কম দামে বিক্রি করতে হচ্ছে। বিষয়টি দেখার যেন কেউ নেই।”
আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে রহিম আরও বলেন, “এক বিঘা জমিতে সর্বোচ্চ ১৩ থেকে ১৫ মণ ধান হয়। বীজ, চারা, চাষ, মই, রোপণ, কীটনাশক, সেচের বিদ্যুৎ বিল, কাটা ও মাড়াইসহ বিঘাপ্রতি খরচ পড়ে প্রায় ১৪ হাজার টাকা। প্রতি মণ ৯০০ টাকা দরে ১৫ মণ ধান বিক্রি করলে পাওয়া যায় ১৩ হাজার ৫০০ টাকা। এতে বিঘাপ্রতি লোকসান গুনতে হচ্ছে প্রায় ৫০০ টাকা।” এর ওপর আবার প্রতি মণে ২ কেজি করে ধান ‘ঢলতা’ দিতে হচ্ছে ফড়িয়াদের।
বিষয়টি স্বীকার করে অভিযুক্ত ধান ব্যবসায়ী ও ফড়িয়া নুরুল ইসলাম বলেন, “৪২ কেজিতে মণ হিসেবে ধান ক্রয় করছি। কারও পোষালে বিক্রি করবে, নয়তো নয়।” কৃষকদের জিম্মি করে ব্যবসা করছেন কি না—এমন প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে ফোন কেটে দেন।
এ বিষয়ে জানতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল তালুকদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান বলেন, “কৃষকদের আরও সচেতন হতে হবে। কেউ যেন ৪২ কেজিতে মণ হিসেবে ধান বিক্রি না করেন। যাঁরা ৪২ কেজিতে মণ হিসেবে ধান কিনছেন, তাঁদের কাছে ধান বিক্রি না করার পরামর্শ দেন তিনি।” এমন কোনো অভিযোগ বা ঘটনা সামনে এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।