নতুন ধানের ঘ্রাণ, কৃষকের কাস্তে হাতে মাঠে নামা, ঢেঁকিতে চাল ভানা, পিঠা-পায়েস আর বাউলগানের সুরে মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। গ্রামবাংলার হারিয়ে যেতে বসা কৃষি ও লোকজ সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজিত এ উৎসবে স্থানীয়দের পাশাপাশি দেশি-বিদেশি অতিথিরাও অংশ নেন।
সোমবার (১৬ নভেম্বর) অগ্রহায়ণের প্রথম দিনে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামের প্রাকৃতিক কৃষিকেন্দ্র ও প্রাণবৈচিত্র্য খামার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। এবার অষ্টমবারের মতো আয়োজিত এ উৎসবে নেদারল্যান্ডস, ভারত ও ইন্দোনেশিয়া থেকে আসা অতিথিরাও যোগ দেন।
সকালে স্থানীয় কৃষকদের সঙ্গে অতিথিরা মাঠে নেমে আমন ধান কাটেন। আনন্দ-উচ্ছ্বাস ও লোকগানের মধ্য দিয়ে প্রায় এক বিঘা জমির ধান কাটা হয়। পরে ধান মাড়াই ও পরিষ্কার করে নিয়ে যাওয়া হয় ঢেঁকিঘরে। সেখানে গ্রামীণ নারীরা ঢেঁকিতে চাল ভানার পাশাপাশি পরিবেশন করেন ঐতিহ্যবাহী ধান ভানার গান।
ধান ভানা শেষে নতুন চালের গুঁড়া, ডাবের পানি, নারকেল, কলা ও গুড় দিয়ে তৈরি করা হয় নানা ধরনের পিঠা ও পায়েস। পাশাপাশি নতুন আমন চাল ও শীতকালীন সবজি দিয়ে রান্না করা হয় ঐতিহ্যবাহী খিচুড়ি। কলাপাতা ও মাটির পাত্রে পরিবেশন করা হয় এসব খাবার।
উৎসবকে ঘিরে খামার প্রাঙ্গণে বসে গ্রামীণ পণ্যের প্রদর্শনী ও মেলা। সেখানে স্থান পায় মাটির তৈজসপত্র, নকশিকাঁথা, তাঁতের গামছা ও শাড়ি। পাশাপাশি ছিল দেশীয় শস্যের প্রদর্শনী, রম্য কৌতুক এবং হারিয়ে যেতে বসা গ্রামীণ খেলাধুলার আয়োজন।
দিনব্যাপী এ উৎসবের সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী বটতলায়। সেখানে বাউলগান, লোকসংগীত, ধান ভানার গান ও গাজীর গানের আসর বসে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আসা লোকসংগীতশিল্পীরা এতে অংশ নেন। সন্ধ্যার পরও বটতলায় চলে লোকজ সংগীতের পরিবেশনা।
উৎসবে অংশ নেওয়া কয়েকজন অতিথি জানান, শহুরে জীবনে গ্রামবাংলার এমন ঐতিহ্য কাছ থেকে দেখার সুযোগ খুব কম পাওয়া যায়। মাঠে গিয়ে ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা এবং কৃষকদের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা ছিল তাদের জন্য বিশেষ আনন্দের। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে কৃষকের শ্রম ও ফসল উৎপাদনের বাস্তব চিত্র তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
আয়োজকরা জানান, অগ্রহায়ণের শুরুতে আমন ধান ঘরে তোলার আনন্দ থেকেই বাংলার কৃষিনির্ভর সমাজে নবান্ন উৎসবের প্রচলন। সময়ের পরিবর্তনে গ্রামীণ জীবনের অনেক ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচিত করা এবং কৃষি, কৃষক ও দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
প্রাকৃতিক কৃষিকেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ উৎসবে আশপাশের অন্তত ২০টি গ্রামের কৃষক-কিষানিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে কাউটিয়া গ্রাম পরিণত হয় গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতির এক মিলনমেলায়।